টানা বৃষ্টিতে ধসে পড়েছে ভবন, শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর দাবি স্থানীয়দের
উখিয়ায় টানা ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র, পাঠদান বন্ধে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত
- আপডেট সময় : ০৭:৩৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব টাইপালং এলাকায় ২০০৮ সালে নির্মিত একটি প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র টানা ভারী বর্ষণের কারণে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় এবং ভবনটি ধসে পড়ায় স্থানীয় শিশুদের শিক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
সোমবার (২০ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষা কেন্দ্রটির টিনশেড ও কাঠামোর বড় অংশ ধসে পড়েছে। বর্তমানে ভবনটি পাঠদানের সম্পূর্ণ অনুপযোগী হয়ে রয়েছে।
স্থানীয় বিশিষ্ট শিক্ষানুরাগী, হাতিমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা সদস্য রহিম সিকদার জানান, ২০০৮ সালে তিনি শিক্ষা কেন্দ্র নির্মাণের জন্য ব্যক্তিগত জমি দান করেন। পরবর্তীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC) কেন্দ্রটি পরিচালনা করলেও প্রায় পাঁচ মাস আগে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার অজুহাতে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
তিনি বলেন, “এই শিক্ষা কেন্দ্রে এলাকার দরিদ্র পরিবারের প্রায় ৩৫ জন প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করত। প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার পর শিশুরা বিদ্যালয়মুখী হতে পারছে না। এরই মধ্যে গত এক সপ্তাহের টানা ভারী বৃষ্টিতে স্কুলঘরটি ভেঙে পড়ে সম্পূর্ণ অনুপযোগী হয়ে গেছে।”
স্থানীয়দের দাবি, দ্রুত সরকারি উদ্যোগে শিক্ষা কেন্দ্রটি পুনর্নির্মাণ করা হলে কোমলমতি শিক্ষার্থীরা আবারও শিক্ষা কার্যক্রমে ফিরতে পারবে এবং ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা সহজ হবে।
এলাকাবাসীর মতে, প্রাক-প্রাথমিক শিক্ষা শিশুদের শিক্ষাজীবনের ভিত্তি তৈরি করে। তাই অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে ভবন পুনর্নির্মাণ ও শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।














