ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিষিদ্ধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে মৎস্য বিভাগের অভিযান, উদ্ধার করা জাল ধ্বংস
পীরগঞ্জে জলাশয় থেকে ১৮৬টি চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- আপডেট সময় : ১০:৫৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিভিন্ন জলাশয় থেকে ১৮৬টি চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা সিনিয়র মৎস্য দপ্তর। পরে জব্দ করা এসব নিষিদ্ধ জাল পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (২০ জুলাই) পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ, খনগাঁও, কোষারাণীগঞ্জ ও সেনগাঁও ইউনিয়নের বিভিন্ন জলাশয়ে প্রাত্যহিক ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের প্রজনন মৌসুমে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এ অভিযান অব্যাহত রয়েছে।
পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার জানান, প্রাকৃতিকভাবে মাছ আহরণে সরকার বা মৎস্য দপ্তরের কোনো বাধা নেই। তবে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করলে দেশীয় মাছের প্রজনন ব্যাহত হয় এবং জলজ সম্পদের ক্ষতি হয়। তাই অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য বিভাগের পক্ষ থেকে জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।














