এলডিডিপি প্রকল্পের আওতায় ৬০০ খামারির হাতে উপকরণ তুলে দিল প্রাণিসম্পদ দপ্তর
পটিয়ায় ৬০০ দুগ্ধ খামারিকে প্রয়োজনীয় উপকরণ বিতরণ, প্রাণিসম্পদ উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন এমপি এনামুল হক এনাম
- আপডেট সময় : ০৯:১৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় ৬০০ দুগ্ধ খামারির মাঝে প্রয়োজনীয় খামার ব্যবস্থাপনা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনাম।
রোববার (১৯ জুলাই) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এমপি এনামুল হক এনাম বলেন, সরকার দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও উৎপাদনমুখী করতে বদ্ধপরিকর। খামারিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হলে দুধ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের পুষ্টি নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, খামারিদের উৎপাদন ব্যয় কমানো, খামারের সংখ্যা বৃদ্ধি এবং দুধ উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এলডিডিপি প্রকল্পের আওতায় ৬০০ খামারির হাতে প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়েছে, যাতে তারা আরও দক্ষতার সঙ্গে খামার পরিচালনা করতে পারেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরোনো খামারিদের পাশাপাশি নতুন উদ্যোক্তাদেরও তালিকাভুক্ত করে সরকারি সহায়তার আওতায় আনার নির্দেশ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইলিয়াস আলী। সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা কনক বড়ুয়া।
এতে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সাদ্দাম হোসেন, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, বিএনপি নেতা আবুল বশর (সিআইপি)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত খামারিরা জানান, সরকারি এ ধরনের সহায়তা তাদের খামার পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে।














