আইন-শৃঙ্খলা, খাল পুনঃখনন, রাস্তাঘাট, ড্রেনেজ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান
মাদকমুক্ত সমাজ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে নড়াইলে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
- আপডেট সময় : ১০:৫৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

নড়াইল জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও সমন্বিত করার লক্ষ্যে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী উপস্থিত থেকে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
আলোচনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে প্রশাসনের সব পর্যায়ে জিরো টলারেন্স নীতি কার্যকরভাবে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন খাল পুনঃখননের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। একই সঙ্গে খাল, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, জলাশয় সংস্কার এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজ দ্রুত, স্বচ্ছ ও মানসম্মতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংসদ সদস্যরা বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রতিটি সরকারি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনস্বার্থসংশ্লিষ্ট প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হলে জেলার আর্থ-সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আব্দুল ছালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ড. আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুস রশিদ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভার শেষে জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়ানো, সরকারি প্রকল্পের কার্যকর বাস্তবায়ন এবং জনসেবার মান উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।














