খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজমুস সাদাত চার বছরের জন্য গবিপ্রবির ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেলেন।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. নাজমুস সাদাত, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
- আপডেট সময় : ০৮:০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গবিপ্রবি) নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. নাজমুস সাদাত।
রবিবার (১৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত-২০২৫)-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. নাজমুস সাদাতকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—যেটি আগে হবে—ভিসি হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ভাইস-চ্যান্সেলর হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
এছাড়া রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজনবোধে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, অধ্যাপক ড. নাজমুস সাদাতের নেতৃত্বে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা, প্রশাসনিক স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে।














