৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের মধ্যে সমুদ্রে না যেতে জেলে ও নৌযান মালিকদের প্রতি কোস্ট গার্ডের জরুরি আহ্বান
উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত: জেলে, ট্রলার ও নৌযান মালিকদের সমুদ্রে না যাওয়ার আহ্বান বাংলাদেশ কোস্ট গার্ডের
- আপডেট সময় : ০৯:৫৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

উপকূলীয় এলাকায় বিরূপ আবহাওয়ার কারণে জেলে, ট্রলার ও নৌযান মালিকদের প্রতি বিশেষ সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করা, দুর্যোগ মোকাবিলা এবং উদ্ধার কার্যক্রম পরিচালনায় কোস্ট গার্ড সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
শনিবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকার জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। এ পরিস্থিতিতে ট্রলার, মাছ ধরার নৌকা এবং অন্যান্য নৌযানের সমুদ্রে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো ট্রলার, মাছ ধরার নৌকা বা অন্য কোনো নৌযানকে মাছ ধরা কিংবা অন্য উদ্দেশ্যে সমুদ্রে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে বর্তমানে সমুদ্রে অবস্থানরত সব ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। নৌযান ও ট্রলার মালিকদের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো জরুরি প্রয়োজন বা সমুদ্রে দুর্ঘটনার তথ্য জানাতে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
উপকূলীয় এলাকার বাসিন্দা, জেলে ও নৌযান সংশ্লিষ্টদের আবহাওয়া অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করে নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।














