প্রাথমিক শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষা সংস্কার, শিক্ষক সমাবেশ ও বদলি কার্যক্রম নিয়ে নানা পরিকল্পনার কথা জানালেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য।
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লায় শিক্ষক মতবিনিময় সভায় এমপি মনিরুল হক চৌধুরী
- আপডেট সময় : ০৮:১৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

কুমিল্লা | ১৮ জুলাই ২০২৬: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের বিভিন্ন খাতে ক্ষতি হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাব্যবস্থা। তিনি বলেন, শিক্ষার গুণগত মান পুনরুদ্ধার ও শিক্ষা খাতকে আধুনিক ও যুগোপযোগী করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ লক্ষ্যেই বর্তমান সরকার শিক্ষা সংস্কারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
শনিবার (১৮ জুলাই) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মনিরুল হক চৌধুরী জানান, তিনি ‘এডুকেশন পলিসি কুমিল্লা কনসেপ্ট’ নামে একটি শিক্ষা উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করছেন। পরিকল্পনাটি চূড়ান্ত করে সরকারের কাছে উপস্থাপন করা হবে। পাশাপাশি কুমিল্লায় একটি বৃহৎ শিক্ষক সমাবেশ আয়োজনের পরিকল্পনাও রয়েছে, যেখানে প্রাথমিক শিক্ষকদের প্রতিনিধিরা অংশ নিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরবেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমান সরকার তাদের যৌক্তিক দাবি ও সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছে এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
শিক্ষকদের অবদানের কথা উল্লেখ করে মনিরুল হক চৌধুরী বলেন, একজন শিক্ষকই একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারেন। নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, স্কুলজীবনে তিনি গণিতে দুর্বল ছিলেন। কিন্তু শিক্ষক কোরবান আলী স্যারের আন্তরিক পরিচর্যা ও দিকনির্দেশনায় মাধ্যমিক পরীক্ষায় গণিতে লেটার মার্কস অর্জন করতে সক্ষম হন।
প্রাথমিক শিক্ষকদের বহুল আলোচিত বদলি কার্যক্রম প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। নতুন মহাপরিচালক (ডিজি) তাকে জানিয়েছেন, খুব শিগগিরই স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জহুরেন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আহমেদ চৌধুরী।
এ সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ আদর্শ সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষকদের বিভিন্ন সমস্যা, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় হয়।














