যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
মণিরামপুরের দূর্বাডাঙ্গায় যুব উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে দিকনির্দেশনামূলক সভা, ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
- আপডেট সময় : ১১:৪৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

মণিরামপুর (যশোর) | ১৮ জুলাই ২০২৬ : যশোরের মণিরামপুর উপজেলার ১৪ নম্বর দূর্বাডাঙ্গা ইউনিয়নে যুব সমাজের উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এক দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টায় শ্যামনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে যুব সমাজের ওপর। তাই একটি সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ এবং রাজনৈতিক নেতৃত্বকে সমন্বিতভাবে কাজ করতে হবে। যুবকদের খেলাধুলা, শিক্ষা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলতাফ হোসেন বলেন, “যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। যুবকদের সঠিক পথে পরিচালিত করতে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে আমি সর্বাত্মক চেষ্টা করবো। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত দূর্বাডাঙ্গা ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, যুবকদের কর্মসংস্থান, খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। কোনো যুবক যেন মাদকের দিকে ঝুঁকে না পড়ে, সে বিষয়ে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা অতীতের মতপার্থক্য ভুলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, একটি নিরাপদ ও উন্নত সমাজ গঠনে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সামাজিক সংগঠন, শিক্ষক, অভিভাবক এবং সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।
সভায় উপস্থিত বক্তারা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে মো. আলতাফ হোসেনের নেতৃত্বকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনা সভার শেষে উপস্থিত সবাই মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। একই সঙ্গে যুব সমাজের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতে আরও জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।














