কোয়া ও পাড়াগাঁও এলাকায় বিশেষ অভিযানে ইয়াবা উদ্ধার; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুই মামলা দায়ের
কচুয়ায় পৃথক পুলিশ অভিযানে ১১ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ
- আপডেট সময় : ১১:৩৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

কচুয়া (চাঁদপুর) | ১৭ জুলাই ২০২৬: চাঁদপুরের কচুয়া উপজেলায় পৃথক দুটি বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ। অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে ১৬ জুলাই উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে এসআই মৃদুল বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া পৌরসভার কোয়া এলাকায় অভিযান চালান। এ সময় শিহাব বিন আব্দুল্লাহ (১৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেপ্তার শিহাবের পিতা বশির উল্লাহ ও মাতা ফাতেমা বেগম। তার বাড়ি কচুয়া উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের করইশ গ্রামে।
এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-৩০, তারিখ: ১৭ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।
অন্যদিকে দ্বিতীয় অভিযানে এসআই মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পাড়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আওয়াল (৩৫) ও জসিম আলম (৪৫) নামে দুইজনকে আটক করেন। তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুল আওয়ালের পিতা মৃত হানিফ মিয়া, মাতা হাজেরা বেগম। তার বাড়ি পাড়াগাঁও গ্রামের সাবানি বাড়িতে। অপরদিকে জসিম আলমের পিতা মফিজুল ইসলাম, মাতা পেয়ারা বেগম। তার বাড়ি কান্দিরপাড় গ্রামের পাটোয়ারী বাড়ি।
এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় আরও একটি মামলা (নং-৩১, তারিখ: ১৭ জুলাই ২০২৬) রুজু করা হয়েছে।
কচুয়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনকে ১৭ জুলাই আইনানুগ প্রক্রিয়া শেষে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হবে।














