নারীর ক্ষমতায়ন, কৃষক সহায়তা ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
উন্নত বাংলাদেশ গড়তে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: প্রতিমন্ত্রী আব্দুল বারী
- আপডেট সময় : ১১:২৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাই নারী সমাজকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন কার্যকর কর্মসূচি গ্রহণ করেছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার লতিহাটি এলাকায় সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সোস্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস)-এর আয়োজনে সুবিধাভোগীদের মাঝে গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
“বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে”
প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, বৈশ্বিক মহামারীর প্রেক্ষাপটে প্রান্তিক কৃষক, বুদ্ধিপ্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের জীবনমান উন্নয়নে আয়বৃদ্ধিমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে মানুষকে আত্মনির্ভরশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, নারীর অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারের প্রধান নারী সদস্যরা এ কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাবেন। চলতি বছরে প্রায় ৪২ লাখ নারীকে ফ্যামিলি কার্ড এবং ৪৩ লাখ কৃষককে কৃষি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারের ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে পর্যায়ক্রমে আরও মানুষকে এই সুবিধার আওতায় আনা হবে।
সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন প্রতিমন্ত্রী
আব্দুল বারী বলেন, একটি সুন্দর, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার বহুমুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতসহ বিভিন্ন শ্রেণির মানুষের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী আইন প্রণয়ন করা হয়েছে। শিশুদের খেলাধুলা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় আগ্রহী করতে প্রাথমিক বিদ্যালয়গুলো আধুনিকায়ন করা হচ্ছে এবং শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরি করা হচ্ছে।
শিক্ষাকে কর্মমুখী ও যুগোপযোগী করার পাশাপাশি বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর লক্ষ্যে যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে।
পাঁচবিবি লতিহাটি এসডিএসের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহীন চৌধুরী।
এ সময় বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া, প্রকল্প পরিচালক মো. শাহজাহান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, এসডিএসের নির্বাহী পরিচালক আয়েশা সিদ্দিকাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় ১০০ জন উপকারভোগীর মাঝে গরু বিতরণ করা হয়।














