তারেক রহমানের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ; পরিবেশ রক্ষায় সবাইকে একটি করে গাছ লাগানোর আহ্বান
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজায়ন বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে ফলজ-বনজ-ঔষধি গাছ রোপণ
- আপডেট সময় : ০৮:১৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ | ১৬ জুলাই ২০২৬: “সবুজায়ন বাংলাদেশ গড়ার প্রত্যয়” বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টোলঘর সংলগ্ন নতুন রাস্তার মোড়ে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও অনুপ্রেরণায় “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই।
তারা আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের সবুজায়ন কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল, সদস্য সচিব মো. বাবর আলী রুমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম হোসেন, সদস্য সচিব মেজর ডালিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আজিজুল হক আজিজ, সদস্য সচিব মামুন রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমন, সোহেল ও ওমর, সহ-দপ্তর সম্পাদক ইয়াকুবসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
কর্মসূচি শেষে নেতৃবৃন্দ পরিবেশ সংরক্ষণে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে দেশব্যাপী সবুজায়ন আন্দোলন জোরদারের আহ্বান জানান।














