উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরি সভা; অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতে সমন্বিত পদক্ষেপের ঘোষণা
উখিয়ায় যানজট নিরসনে জরুরি সভা: এক সপ্তাহ পর উচ্ছেদ অভিযান, কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন
- আপডেট সময় : ০৯:১২:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভা থেকে আগামী এক সপ্তাহ পর উপজেলার বিভিন্ন ব্যস্ত সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া থানার তদন্ত কর্মকর্তা কামাল উদ্দিন, হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আদেল, উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ট্রাফিক পুলিশের কর্মকর্তাসহ বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
র
প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান চৌধুরী বলেন, উখিয়াকে যানজটমুক্ত করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও গতিশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, প্রশাসনের সব উদ্যোগে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। জনস্বার্থে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ বাস্তবায়নে তিনি সমর্থন দেওয়ার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার বলেন, উখিয়াকে যানজটমুক্ত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। তিনি জানান, আগামী এক সপ্তাহ পর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে। যারা রাস্তার ওপর অবৈধ স্থাপনা বসিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, তাদের এখনই সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় অভিযানের সময় কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন।
সভায় অংশগ্রহণকারীরা উখিয়ার ক্রমবর্ধমান যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, অবৈধ দখল উচ্ছেদ, সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।














