নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ; দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান
চকরিয়ার কাকারায় জহির আহমেদের উদ্যোগে ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, বিত্তবানদের মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান
- আপডেট সময় : ০৯:৪৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আগামী দিনের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ও ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির আহমেদ। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় তাঁর নিজস্ব অর্থায়নে ৫০০টি বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় জহির আহমেদ দুর্গত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জহির আহমেদ বলেন, “আমি খুব বিত্তশালী নই। তারপরও বন্যাকবলিত হতদরিদ্র মানুষের কষ্টের কথা বিবেচনা করে নিজের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, “দেশের সব বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও মানবিক মানুষদের প্রতি আহ্বান জানাই—বন্যাসহ যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় এগিয়ে আসুন।”
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এই ত্রাণ সহায়তা অনেকটাই স্বস্তি এনে দিয়েছে। তারা জহির আহমেদের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগকালে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, সাম্প্রতিক ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে অনেক নিম্নাঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক সংগঠনের ত্রাণ কার্যক্রমও অব্যাহত রয়েছে।














