গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর উপজেলার রঘুরামপুর এলাকায় অভিযান; উদ্ধার ১০০ কেজি গাঁজা, আটক দুই মাদক কারবারি।
কুমিল্লায় র্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ আটক ২, জব্দ নোহা মাইক্রোবাস
- আপডেট সময় : ১১:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

কুমিল্লা সদর উপজেলার রঘুরামপুর এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর উপজেলার রঘুরামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. অন্তর (২৫) ও মো. বাধন (২৩) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক মো. অন্তর কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দ্বিতীয় মুরাদপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে। অপর আটক মো. বাধন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে।
অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে ১০০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করে র্যাব।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নোহা মাইক্রোবাসে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
র্যাব-১১ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাদের থানায় হস্তান্তর করা হয়।
র্যাব জানিয়েছে, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।














