বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারীর স্বীকৃতির দাবিতে আন্দোলন, সারাদেশে ২৩ হাজারের বেশি ইডি কর্মচারীর কর্মবিরতি
দুই দফা দাবিতে কুড়িগ্রামে ডাক বিভাগের ইডি কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট, জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি
- আপডেট সময় : ০৪:১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম | ৬ জুলাই ২০২৬: বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কুড়িগ্রামে বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের পূর্ণ ধর্মঘট ও কর্মবিরতি শুরু করেছেন। একই সঙ্গে তারা কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দুই দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি জমা দিয়েছেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৬ জুলাই) থেকে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ ব্যানারে কুড়িগ্রাম প্রধান ডাকঘরের সামনে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করা হয়।
এ সময় আন্দোলনরত কর্মচারীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান। তাদের ভাষ্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট ও কর্মসূচি অব্যাহত থাকবে।
আন্দোলনকারীদের দুই দফা দাবির মধ্যে রয়েছে—বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীদের বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং দেশের সব শাখা ডাকঘরে কর্মরত ইডি কর্মচারীদের সরকারি বা বিভাগীয় কর্মচারী হিসেবে পূর্ণ স্বীকৃতি প্রদান।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শাখা ডাকঘরের ইডি কর্মচারীরা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় ডাক ও আর্থিক সেবা পৌঁছে দিয়ে আসছেন।
অথচ তারা দৈনিক গড়ে মাত্র প্রায় ১৫০ টাকা, অর্থাৎ মাসে প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা সম্মানী পান। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এ ভাতায় পরিবার নিয়ে জীবনযাপন অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
বক্তারা আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখলেও ইডি কর্মচারীরা এখনো বিভাগীয় কর্মচারীর স্বীকৃতি থেকে বঞ্চিত। ফলে চাকরির নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও অন্যান্য সরকারি সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন।
আন্দোলনের নেতৃবৃন্দ জানান, সারা দেশে প্রায় ৮ হাজার ৫০০টি শাখা ডাকঘরে কর্মরত ২৩ হাজারের বেশি ইডি কর্মচারী একই দাবিতে একযোগে আন্দোলনে অংশ নিয়েছেন। দ্রুত সরকারি প্রজ্ঞাপন জারি করে দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
পরে আন্দোলনরত কর্মচারীরা কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে একটি স্মারকলিপি জমা দেন।














