টানা বৃষ্টি ও বন্যার পানিতে জামালপুরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান; দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর
অতিবৃষ্টিতে জামালপুরে জলাবদ্ধতা চরমে, রাস্তাঘাট ও ব্যবসাপ্রতিষ্ঠান পানির নিচে
- আপডেট সময় : ০৭:০০:১২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

টানা বৃষ্টি ও বন্যার পানিতে জামালপুর উপজেলার বিভিন্ন এলাকা পানিতে প্লাবিত হয়েছে। এতে হাজারো দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণ।
সরেজমিনে দেখা গেছে, অনেক দোকানে পানি ঢুকে পড়েছে। কোথাও কোথাও দোকানের মালামাল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাস্তা, ড্রেন ও নালা পানিতে ডুবে যাওয়ায় মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেন, নালা ও নর্দমায় ময়লা-আবর্জনা জমে থাকায় পানি দ্রুত নিষ্কাশন হতে পারছে না। ফলে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা আরও ভয়াবহ আকার ধারণ করছে।
এ বিষয়ে এলাকাবাসী জামালপুর উপজেলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ড্রেন ও নালা পরিষ্কার করার দাবি জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা হলে এমন দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব।
এদিকে বন্যার কারণে দূরপাল্লার যান চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পানিবন্দি পরিস্থিতির সুযোগে কিছু রুটে গাড়ি ভাড়া বেড়ে গেছে। এতে নিম্নআয়ের মানুষ ও যাত্রীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।
ইজিবাইক চালক ও শ্রমিকরা জানান, পানির মধ্যে চলাচলের কারণে গাড়ির মোটরে পানি ঢুকে যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে। এতে তাদের জীবিকা ঝুঁকির মধ্যে পড়েছে।
ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত প্রশাসনের সহযোগিতা, ড্রেন-নালা পরিষ্কার এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।














