পানিবন্দি মানুষের মাঝে খাদ্য, ওষুধ ও জরুরি সহায়তা পৌঁছে দিচ্ছে সংগঠন; পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে কার্যক্রম
চরম দুর্ভোগে বাঁশখালীর বন্যার্তরা, সহায়তায় সক্রিয় ইনসানিয়াত বিপ্লবের টিম
- আপডেট সময় : ০৭:২১:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলাসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তা নিয়ে মাঠে নেমেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, চট্টগ্রাম জেলা শাখা। বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ ও জরুরি সহায়তা পৌঁছে দিতে সংগঠনটির ত্রাণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
কয়েক দিনের টানা বর্ষণ ও বন্যার পানিতে সমুদ্র উপকূলবর্তী বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ডুবে গেছে রাস্তাঘাট, ফসলি জমি ও বসতভিটা। বন্যার কারণে বহু এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাদ্য ও বিদ্যুৎ সংকট।
বাঁশখালীর পুঁইছড়ি, শেখেরখিল, কাথারিয়া, গন্ডামারা-সহ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। অনেক পরিবার গবাদিপশু নিয়ে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।
এ অবস্থায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, চট্টগ্রাম জেলা শাখার নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা দুর্গত এলাকায় গিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। সংগঠনের সদস্যরা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও পানিবন্দি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, শুকনো খাবার, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করছেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের ও প্রবাসের সামর্থ্যবান মানুষের প্রতি বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
বন্যার কারণে অসুস্থ হয়ে পড়া মানুষের চিকিৎসার জন্য ইনসানিয়াত বিপ্লব একটি ফ্রি মেডিকেল টিম গঠন করেছে। চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত এই টিম পানিবাহিত রোগে আক্রান্ত ও অসুস্থ মানুষের চিকিৎসাসেবা প্রদান করছে।
এদিকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামসহ দেশের অন্যান্য বন্যাকবলিত এলাকাতেও উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে সংগঠন সূত্রে জানা গেছে। দুর্গম এলাকায় উদ্ধার কাজে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গেও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা করতে দেখা গেছে।
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বন্যার কারণে অসংখ্য মানুষ খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সংকটে রয়েছে। একইসঙ্গে গবাদিপশুও চরম ঝুঁকির মধ্যে আছে। তাই দ্রুত নিরাপদ আশ্রয়, খাদ্য সহায়তা, গো-খাদ্য এবং চিকিৎসা সহযোগিতা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানো মানবতার অন্যতম বড় দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা বৃদ্ধি করে এবং মানুষের মধ্যে ঐক্য ও সামাজিক বন্ধন শক্তিশালী করে।














