স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে হাসপাতালের শৃঙ্খলা ও রোগী-স্বজনদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করছেন পোশাকধারী আনসার সদস্যরা।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার, দায়িত্বে ১০ আনসার সদস্য
- আপডেট সময় : ১০:৩৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

রোগী ও তাদের স্বজনদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে হাসপাতাল চত্বরে ১০ জন পোশাকধারী আনসার সদস্য দায়িত্ব পালন শুরু করেছেন।
দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা জানান, চলতি মাসের ১ তারিখ থেকে তারা হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত ডিউটি করছেন। হাসপাতালের আন্তঃ ও বহির্বিভাগ, জরুরি বিভাগ এবং প্রধান প্রবেশপথে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধেও তারা কাজ করছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগী ও স্বজনদের মালামালের নিরাপত্তা নিশ্চিত করা, অবাঞ্ছিত ভিড় নিয়ন্ত্রণ, দালাল ও বিশৃঙ্খল পরিবেশ প্রতিরোধ এবং চিকিৎসাসেবা গ্রহণের অনুকূল পরিবেশ সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের এ উদ্যোগ হাসপাতালের সার্বিক নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন রোগী ও স্বজন জানান, নিরাপত্তা জোরদারের ফলে হাসপাতালের পরিবেশ আগের তুলনায় আরও সুশৃঙ্খল হয়েছে। এতে চিকিৎসাসেবা গ্রহণে সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে বলে তারা মনে করেন।














