শাহাদাত হোসেন সেলিমকে নিয়ে এআই-নির্মিত ভুয়া ছবি ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ; জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি বিএনপির নেতাদের
এআই দিয়ে এমপির ভুয়া ছবি ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ: রামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
- আপডেট সময় : ০৭:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর | ৯ জুলাই ২০২৬: লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে রামগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (৯ জুলাই) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে রামগঞ্জ পৌরসভা গেট এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জি এস মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন, সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ দুলাল হোসেন দুলাল, সদস্য সচিব এমরান হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু ও সদস্য সচিব রাকিব হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা অভিযোগ করেন, একটি মহল বিদেশে অবস্থান করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, এআই প্রযুক্তির মাধ্যমে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের মদ্যপানের দৃশ্য দেখিয়ে একটি ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।
বক্তারা বলেন, জনগণকে বিভ্রান্ত করতে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে নিয়ে একটি ছবি ছড়িয়ে পড়ে। বিএনপি নেতাদের দাবি, ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।














