তিন দিনে বাড়বে নদীর পানি, কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
নদীর পানি নিয়ে নতুন পূর্বাভাস, বাড়তে পারে বন্যার ঝুঁকি
- আপডেট সময় : ০৩:৪০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন নদ-নদীর পানি আগামী তিন দিনে বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, বান্দরবান ও খাগড়াছড়ির কয়েকটি এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাস স্বাক্ষরিত এক প্রতিবেদনে দেশের প্রধান নদ-নদীর বর্তমান পরিস্থিতি ও আগামী দিনের পূর্বাভাস তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদীর পানি স্থিতিশীল থাকলেও যমুনা নদীর পানি বেড়েছে। তবে বর্তমানে উভয় নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী পাঁচ দিনে এ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে আগামী দুই দিন পানি কমলেও পরবর্তী তিন দিনে আবার বাড়তে পারে।
গঙ্গা-পদ্মা অববাহিকায় নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। আগামী কয়েক দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।
সিলেট অঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। তবে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হলে এসব নদীর পানি আবার বৃদ্ধি পেতে পারে।
এদিকে উত্তরাঞ্চলের তিস্তা নদী নীলফামারীর ডালিয়া পয়েন্টে সতর্কসীমায় রয়েছে। ভারী বৃষ্টির কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী দুই দিনে বাড়তে পারে।
ময়মনসিংহ অঞ্চলের জিঞ্জিরাম, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে ঢাকা অঞ্চলের তুরাগ, টঙ্গীখাল, ধলেশ্বরী, বুড়িগঙ্গা ও বালু নদীর পানি স্থিতিশীল থাকতে পারে।
আগামী ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কয়েকটি নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। পাশাপাশি নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহের কিছু নদীতেও পানি দ্রুত বাড়ার সম্ভাবনা রয়েছে।
বন্যা পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে গোমতী, মুহুরি, সেলোনিয়া ও ফেনী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কক্সবাজার, ফেনী ও চট্টগ্রামের কিছু এলাকায় বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
এ ছাড়া হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানিও আগামী তিন দিনে দ্রুত বাড়তে পারে। বান্দরবান ও খাগড়াছড়ির কিছু এলাকায় এসব নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।
নদীসংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।














