বিএমডিসির নিবন্ধন, কর্মসংস্থান ও জনস্বার্থে দন্তস্বাস্থ্যসেবা সম্প্রসারণে সরকারের কার্যকর উদ্যোগের আহ্বান
বিএমডিসি নিবন্ধন ও কর্মসংস্থানের দাবিতে বগুড়ায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল বাংলাদেশ ডেন্টাল পরিষদ
- আপডেট সময় : ০৮:৩৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

বগুড়া | ০৭ জুলাই ২০২৬ : বাংলাদেশ ডেন্টাল পরিষদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন এবং টেকসই কর্মসংস্থানের দাবিতে বগুড়ায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (০৭ জুলাই) সকালে বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এ স্মারকলিপি জমা দেন বাংলাদেশ ডেন্টাল পরিষদ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, দেশের দন্তস্বাস্থ্যসেবার উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য, মানসম্মত ও সাশ্রয়ী দন্তচিকিৎসা নিশ্চিত করতে প্রশিক্ষিত ডেন্টাল ডিপ্লোমাধারীদের কার্যকরভাবে কাজে লাগানোর বিকল্প নেই। সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হলেও বিএমডিসির পেশাগত নিবন্ধনের অভাব এবং কর্মসংস্থানের সংকটের কারণে তাদের দক্ষতার যথাযথ ব্যবহার সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ ডেন্টাল পরিষদের নেতারা বলেন, ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন নিশ্চিত হলে রাষ্ট্রের বিদ্যমান দক্ষ মানবসম্পদের সর্বোচ্চ ব্যবহার সম্ভব হবে। একই সঙ্গে হাজার হাজার শিক্ষিত তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজে ও স্বল্প ব্যয়ে দন্তস্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। এতে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর বিদ্যমান চাপও কমবে।
নেতৃবৃন্দ আরও বলেন, ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য পেশাগত অধিকার নিশ্চিত করা শুধু একটি পেশাজীবী গোষ্ঠীর দাবি নয়; বরং এটি দেশের জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর, জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই বিষয়টি জনস্বার্থে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
বাংলাদেশ ডেন্টাল পরিষদ আশা প্রকাশ করে, সরকারের আন্তরিক ও ইতিবাচক উদ্যোগের মাধ্যমে ডেন্টাল ডিপ্লোমাধারীদের দীর্ঘদিনের পেশাগত নিবন্ধন ও কর্মসংস্থানের যৌক্তিক দাবি বাস্তবায়িত হবে। একই সঙ্গে সংগঠনটি ভবিষ্যতেও শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মত উপায়ে তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন বিশ্বাস তন্ময়, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াদ আল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক নাহিদ, অর্থ সম্পাদক রুবেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমনসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ।














