ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় শুনানি শেষে জামিন আবেদন খারিজ
ইকরার মৃত্যুর মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর, কারাগারেই থাকছেন
- আপডেট সময় : ০৫:০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া (জাহের আলভী)-এর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবির শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিপক্ষের আইনজীবী শেখ রোবায়েত ইসলাম আদালতের কাছে জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেন। ফলে জাহের আলভীকে কারাগারেই থাকতে হবে।
এর আগে গত ৩০ জুন দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। ১৮ জুন আত্মসমর্পণের পর আদালত প্রথম দফায়ও তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠান। পরে ২১ জুন তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২৪ জুন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই দিন রাতে ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
জাহের আলভী ও ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।
এ মামলায় জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি গত ৪ জুন আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন লাভ করেন।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অভিযুক্তের অপরাধ প্রমাণিত হয়নি।














