লোহাগড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উল্টে পড়ে ট্রাক; নিহত অষ্টম শ্রেণির ছাত্রী, গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
নড়াইলে মধ্যরাতে পাথরবোঝাই ট্রাক ঘরের ওপর উল্টে স্কুলছাত্রীর মৃত্যু, আহত বোন
- আপডেট সময় : ০১:৩৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

নড়াইল | ৬ জুলাই ২০২৬ : নড়াইলের লোহাগড়া উপজেলায় গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরবোঝাই ট্রাক বসতঘরের ওপর উল্টে পড়ায় ঘুমন্ত এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীমা আক্তার সেতু (১৪) স্থানীয় নলদী বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আহত মিতু খানম (১২) একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তারা ওই এলাকার বাসিন্দা হাফিজার মোল্যার মেয়ে।
নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে পড়াশোনা শেষে রাতের খাবার খেয়ে দুই বোন নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে একটি পাথরবোঝাই ট্রাক নলদী খালপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশের তাদের বসতঘরের ওপর উল্টে পড়ে।
ট্রাকের নিচে চাপা পড়ে এবং ছড়িয়ে পড়া পাথরের আঘাতে দুই বোন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামীমা আক্তার সেতুকে মৃত ঘোষণা করেন। আহত মিতু খানম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে গেলে তারা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। ট্রাকটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছে এবং চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি তদন্ত শেষে জানানো হবে।














