বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত; ফিফার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে আইনি পদক্ষেপের ইঙ্গিত বেলজিয়ামের।
ফিফার সিদ্ধান্তে উত্তাল বিশ্বকাপ, কটাক্ষ বেলজিয়াম কোচের
- আপডেট সময় : ১২:২০:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

২০২৬ ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেলজিয়াম ফুটবল ফেডারেশন (আরবিএফএ)। সংস্থাটি জানিয়েছে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার এই সিদ্ধান্তে তারা বিস্মিত এবং ফুটবলের ন্যায্যতা ও প্রতিযোগিতার সততা রক্ষায় সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ পর্যালোচনা করছে।
বাংলাদেশ সময় (৭ জুলাই) সকাল ৬টায় সিয়াটলে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ১৬ ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। ম্যাচের ঠিক একদিন আগে ফিফা ঘোষণা দেয়, বালোগানের স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।
এর ফলে যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ডের সামনে পরবর্তী ম্যাচগুলোতে খেলার সুযোগ উন্মুক্ত থাকে, যদি আগামী এক বছরের মধ্যে তিনি একই ধরনের শৃঙ্খলাভঙ্গ না করেন।
ফিফার সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনে কড়া প্রতিক্রিয়া জানান বেলজিয়ামের প্রধান কোচ রুডি গার্সিয়া। তিনি ব্যঙ্গ করে বলেন,
“জানতাম না বিশ্বকাপে ৫ জুলাই-ই এখন ১ এপ্রিল হয়ে গেছে!”
তিনি আরও বলেন,
“আমরা শুধু জাতীয় দল বা ফেডারেশনের পক্ষ নিচ্ছি না, আমরা ফুটবলকে রক্ষা করার চেষ্টা করছি।”
উল্লেখ্য, রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের পায়ে আঘাত করার ঘটনায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) পর্যালোচনার পর সরাসরি লাল কার্ড দেখেন ফোলারিন বালোগান।
ফিফার প্রচলিত শৃঙ্খলা বিধি অনুযায়ী, সরাসরি লাল কার্ড পেলে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয় এবং সাধারণভাবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকে না।
তবে ফিফা জানায়, তাদের শৃঙ্খলা বিধির ২৭ নম্বর অনুচ্ছেদের আওতায় বালোগানের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। অর্থাৎ, আগামী এক বছরে একই ধরনের অপরাধ না করলে তাকে ওই এক ম্যাচের শাস্তি ভোগ করতে হবে না।
তবে কেন এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে ফিফা কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। ফলে বিষয়টি নিয়ে ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।














