শেষ ষোলোর ম্যাচের আগে মিশরের সহকারী কোচের আত্মবিশ্বাসী মন্তব্যে জমে উঠেছে আর্জেন্টিনা-মিশর লড়াই।
আর্জেন্টিনা ম্যাচের আগে মিশরের হুঙ্কার: ‘আমাদের সালাহ আছে, সঙ্গে আরও ২৬ জন মেসি’
- আপডেট সময় : ০৮:০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৯০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক | ৬ জুলাই ২০২৬:
২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আলোচিত ম্যাচে মঙ্গলবার (৭ জুলাই) মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মিশর। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে। এই ম্যাচকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে মনস্তাত্ত্বিক লড়াই।
ম্যাচের আগে মিশরের সহকারী কোচ ইব্রাহিম হাসান আত্মবিশ্বাসী মন্তব্য করে বলেন, আর্জেন্টিনার দলে লিওনেল মেসি থাকলেও তাদের দলে রয়েছেন মোহামেদ সালাহ এবং তার সঙ্গে আরও ‘২৬ জন মেসি’।
মিশরীয় টেলিভিশন চ্যানেল সাদা আল-বালাদ-কে দেওয়া সাক্ষাৎকারে ইব্রাহিম হাসান বলেন, “আর্জেন্টিনার মেসি আছে, কিন্তু আমাদের আছে মোহামেদ সালাহ। আর সালাহ ছাড়াও আমাদের স্কোয়াডে আরও ২৬ জন মেসি আছে। আমরা বিশ্বাস করি, কঠোর পরিশ্রমের ফল মাঠেই পাব।”
তিনি আরও জানান, মেসিকে ঘিরে আলাদা কোনো পরিকল্পনা করছে না মিশর। বরং নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দিতেই খেলোয়াড়দের নির্দেশনা দেওয়া হয়েছে।
ইব্রাহিম হাসানের ভাষ্য, “আমরা প্রতিপক্ষকে নয়, নিজেদের খেলায় মনোযোগ দিচ্ছি। মেসি হোক বা অন্য কেউ—প্রতিটি ম্যাচে আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামি।”
বিশ্ব ফুটবলে লিওনেল মেসিকে ঠেকাতে অনেক দল বিশেষ কৌশল গ্রহণ করলেও মিশরের এমন আত্মবিশ্বাসী বক্তব্য ম্যাচের আগে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
অন্যদিকে, শেষ বত্রিশের ম্যাচে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মিশর। অপরদিকে আর্জেন্টিনা নকআউট পর্বেও শিরোপা ধরে রাখার মিশনে এগিয়ে যেতে চায়।
এখন দেখার বিষয়, মাঠের ৯০ মিনিটে মিশরের এই আত্মবিশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয়, নাকি লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনাই শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে।




















