রাজশাহীতে আলুপট্টি থেকে বাটার মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল; গণভোটের রায় বাস্তবায়ন, নতুন সংবিধান প্রণয়ন ও জ্বালানির দাম কমানোর দাবি
গণভোটের রায় বাস্তবায়ন ও নতুন সংবিধানের দাবিতে রাজশাহীতে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৯:০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

রাজশাহী | ৪ জুলাই ২০২৬ : গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ১১ দলীয় জোট।

শনিবার (৪ জুলাই) বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য রাজশাহী মহানগরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে কুমারপাড়া মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট, মণিচত্বর, রাজশাহী কলেজের সামনে ও সোনাদীঘির মোড় অতিক্রম করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা দাবি করেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। তাদের ভাষ্যমতে, গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটের রায় কার্যকর করা জরুরি।
বক্তারা আরও অভিযোগ করেন, দেশে খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনা বেড়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, এসব পরিস্থিতিতে জনগণ ক্ষুব্ধ হয়ে উঠছে। তারা আরও বলেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে অতীতে একটি সরকারের পতন ঘটানো হয়েছিল এবং বর্তমান সরকারের বিরুদ্ধেও জনগণের অসন্তোষ বাড়ছে।
সমাবেশে নেতারা দাবি করেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে অধিকাংশ ভোটার গণভোটের পক্ষে মত দিয়েছেন। তবে সেই রায় এখনো বাস্তবায়িত হয়নি বলে তারা অভিযোগ করেন। তারা অবিলম্বে গণভোটের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং নতুন সংবিধান প্রণয়নের আহ্বান জানান।
এছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে এখনো মূল্য সমন্বয় না হওয়ায় জ্বালানি তেল ও গ্যাসের দাম কমানোর দাবিও জানানো হয়।
বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল গণভোট বাস্তবায়ন, জুলাই সনদ এবং রাজনৈতিক দাবিদাওয়া-সংক্রান্ত বিভিন্ন স্লোগান।
সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমীর ড. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী, সদস্য সচিব মো. আতিকুর রহমান এবং ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরের সভাপতি ইমরান নাজিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।














