ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত ও পদোন্নতিপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা; পুলিশে নিয়োগপ্রাপ্ত আদিত্য দেকেও সম্মাননা
‘গুণী ও যোগ্যদের মূল্যায়নেই সমাজ আলোকিত’— রাউজানে বিদায় সংবর্ধনায় মো. কামাল মিয়া
- আপডেট সময় : ০৪:৫৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

রাউজান উপজেলার ঐতিহ্যবাহী ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে অবসর ও পদোন্নতিজনিত শিক্ষক-কর্মচারীদের সম্মানে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সমাজসেবক মো. কামাল মিয়া। তিনি বলেন, “যে সমাজ গুণী ও যোগ্য মানুষের সম্মান দিতে জানে, সেই সমাজই প্রকৃত অর্থে আলোকিত ও সমৃদ্ধ হয়। শিক্ষকদের অবদান কখনোই বিস্মৃত হওয়ার নয়।”
তিনি আরও বলেন, শিক্ষকদের কর্মনিষ্ঠা, সততা ও আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়। শিক্ষা প্রতিষ্ঠানে তাঁদের অবদানের যথাযথ মূল্যায়ন শিক্ষার মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধনা গ্রহণ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শাহ আলম, অমূল্য রঞ্জন দে, দিলীপ কুমার দে, মিহির কান্তি চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র বড়ুয়া, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, পদোন্নতিপ্রাপ্ত শিক্ষক রিটন বড়ুয়া ও শাহনাজ আক্তার, নৈশ প্রহরী অনিল তালুকদার, চতুর্থ শ্রেণির কর্মচারী দুলাল কুমার দে এবং প্রদীপ চৌধুরী।
সিনিয়র শিক্ষক সুপম বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের হেড মৌলভী মাওলানা রফিকুল ইসলাম রেজভী। বক্তব্য রাখেন উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি দীপক তালুকদার এবং শিক্ষক রাজীব সেনগুপ্ত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা আব্দুল মান্নান, ডাবুয়া ইউনিয়ন যুবদল নেতা মো. ইলিয়াস, শিক্ষক ইমাম হোসেন, নজরুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান ফটকে ব্যান্ড পার্টি ও ফুল দিয়ে অতিথিদের বর্ণাঢ্য অভ্যর্থনা জানানো হয়।
এদিকে ডাবুয়া রামনাথপাড়ার কৃতি সন্তান আদিত্য দে সম্প্রতি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পাওয়ায় তাঁকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা তাঁর কর্মজীবনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করে দোয়া ও শুভেচ্ছা জানানো হয়।














