ইউপি সদস্যদের অনাস্থা অভিযোগে উত্তপ্ত আধুনগর, তদন্তের নির্দেশ প্রশাসনের
আধুনগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, অভিযোগকে ষড়যন্ত্র বললেন চেয়ারম্যান
- আপডেট সময় : ১০:৫২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৯ নম্বর আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীনের বিরুদ্ধে অনাস্থা অভিযোগ দায়ের করেছেন ইউনিয়ন পরিষদের সাতজন সদস্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর দাখিল করা ওই অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে এককভাবে পরিষদ পরিচালনা, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি কার্যক্রমে স্বেচ্ছাচারিতার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগকারী ইউপি সদস্যরা দাবি করেন, চেয়ারম্যান নাজিম উদ্দীন পরিষদের সদস্যদের মতামত উপেক্ষা করে একক সিদ্ধান্তে সভা পরিচালনা করেন। এছাড়া সালিশ-বিচারে অর্থের বিনিময়ে রায় প্রদান, বালি ও মাটি উত্তোলনের অনুমতি প্রদান, এবং সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা না রাখার অভিযোগও করা হয়েছে।
তাদের দাবি, এসব অনিয়মের কারণে চেয়ারম্যানকে অপসারণ করে প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে পরিষদ পরিচালনার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
তবে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন চেয়ারম্যান নাজিম উদ্দীন। তিনি বলেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত এবং সরকারের নীতিমালা অনুযায়ী পরিষদ পরিচালনা করছেন।
তিনি আরও দাবি করেন, অভিযোগকারী সাতজন সদস্যের মধ্যে ছয়জনই পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিস্ফোরক মামলাও রয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ অনাস্থা অভিযোগ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
চেয়ারম্যান বলেন, সকল উন্নয়ন প্রকল্প, সরকারি বরাদ্দ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ম অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হয়েছে। তিনি অভিযোগ তদন্তে নিরপেক্ষতার আহ্বান জানান।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন আখন্দ জানিয়েছেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়ভাবে এ ঘটনাকে কেন্দ্র করে আধুনগর ইউনিয়নে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।














