টিক্কারচর ও তেলীকোনা এলাকায় পৃথক অভিযানে উদ্ধার ৫০ কেজি গাঁজা, জব্দ সিএনজিচালিত অটোরিকশা
কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:১৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

কুমিল্লা | ১ জুলাই ২০২৬ : কুমিল্লায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মোট ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১, সিপিসি-২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কুমিল্লা সদর উপজেলার টিক্কারচর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাহমুদুল হাসান জিদান (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে বুধবার (১ জুলাই) সকালে একই ইউনিটের একটি আভিযানিক দল কুমিল্লা নগরীর তেলীকোনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. মনির হোসেন (৩৭) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার মাহমুদুল হাসান জিদান কুমিল্লা সদর উপজেলার টিক্কারচর গ্রামের খোকন মিয়ার ছেলে। অপর গ্রেপ্তার মনির হোসেন রাঙ্গুড়ি গ্রামের শাহআলমের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
র্যাব-১১ জানায়, মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার দুপুরে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।














