জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলার ২ হাজার ৭০টি কেন্দ্রে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ
কুড়িগ্রামে একযোগে শুরু ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে
- আপডেট সময় : ০৯:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম | ২৮ জুন ২০২৬: শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত সমস্যা হ্রাস এবং সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ একযোগে শুরু হয়েছে।
রবিবার (২৮ জুন) সকালে কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে জেলার ৩ লাখ ৩৩ হাজার ৩১৬ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। উদ্বোধনের পর জেলার ৯টি উপজেলা ও ১টি পৌরসভায় একযোগে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এবারের ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলার মোট ৩ লাখ ৩৩ হাজার ৩১৬ জন শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, দুর্গম চরাঞ্চলসহ জেলার বিভিন্ন এলাকায় প্রায় ২০০টিরও বেশি ক্যাম্পেইন কেন্দ্রসহ মোট ২ হাজার ৭০টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবী ও স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন। ক্যাম্পেইন সফল করতে ৪ হাজার ১০৬ জন স্বেচ্ছাসেবী এবং ২৪০ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্যও পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়াসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শিশুদের ভিটামিন এ-এর ঘাটতি পূরণ, রাতকানা প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে সরকারের নিয়মিত জনস্বাস্থ্য কর্মসূচির অংশ হিসেবে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বানও জানান তারা।














