কচুয়াই ইউনিয়নের শ্রীমাই রেলওয়ে সেতুর দক্ষিণ পাশে মর্মান্তিক দুর্ঘটনা; হাসপাতালে আহত আরেক নারী
চট্টগ্রামের পটিয়ায় রেললাইনে হাঁটার সময় প্রবাল এক্সপ্রেসের ধাক্কায় নিহত ১, আহত ১
- আপডেট সময় : ০৮:০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম | ২৭ জুন ২০২৬ : চট্টগ্রামের পটিয়া উপজেলায় রেললাইন ধরে হাঁটার সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারী নিহত ও অপর এক নারী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার কচুয়াই ইউনিয়নের শ্রীমাই রেলওয়ে সেতুর দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরনাহার বেগম (৫০) ও রাশেদা বেগম (৬০) রেললাইন ধরে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা কক্সবাজার-চট্টগ্রাম রুটের প্রবাল এক্সপ্রেস (ট্রেন নং-৮২২) তাদের ধাক্কা দেয়। এতে নুরনাহার বেগম ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় তার মরদেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। অপরদিকে রাশেদা বেগম ছিটকে রেললাইনের বাইরে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
নিহত নুরনাহার বেগমের স্বামী আবদুল মালেক। আহত রাশেদা বেগমসহ তাদের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার রাজুয়ারঘোনা এলাকায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জীবিকার সন্ধানে প্রায় এক মাস আগে তারা পটিয়ায় এসে কৃষি খামারে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়দের দাবি, রেললাইন দিয়ে হেঁটে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সচেতনতার অভাব ও নিরাপদ চলাচলের বিকল্প ব্যবস্থা না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তারা রেললাইন সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।














