সর্বসম্মতিক্রমে নির্বাচিত বাংলাদেশ বেতার চকরিয়া প্রতিনিধি; সহ-সভাপতি হলেন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম (শফি)
দক্ষিণ কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক আলহাজ্ব মো. আইয়ুব
- আপডেট সময় : ০৮:২৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

কক্সবাজার | ২৭ জুন ২০২৬: কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতার চকরিয়া প্রতিনিধি ও সাংবাদিক আলহাজ্ব মো. আইয়ুব।
শনিবার (২৭ জুন) সকাল ১১টায় বিদ্যালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সভায় তাঁকে আগামী তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার মো. মূসা।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব কুলছুমা আক্তার সভাপতি পদে প্রার্থীর নাম আহ্বান করলে উপস্থিত সদস্যরা বিদ্যোৎসাহী প্রতিনিধি আলহাজ্ব মো. আইয়ুবের নাম প্রস্তাব করেন। পরে উপস্থিত ১২ সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে তাঁকে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়।
একই সভায় ম্যানেজিং কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম (শফি) বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি নির্বাচিত হন।
সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা আলহাজ্ব মো. আইয়ুবকে অভিনন্দন জানান এবং তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।
প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. আইয়ুব বলেন, “বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তোলা, সুশাসন প্রতিষ্ঠা এবং যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করব। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, গত ১৫ মে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিচালনা পর্ষদ গঠনের তফসিল ঘোষণা করেন। সেই তফসিল এবং প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠনতন্ত্র অনুযায়ী আগামী তিন বছরের জন্য নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।














