সালথায় স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি সভা; ৬ থেকে ৫৯ মাস বয়সী ২৯ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সালথায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি
- আপডেট সময় : ০২:৩৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরের সালথা উপজেলায় অবহিতকরণ ও পরিবার পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আল-আমিন, স্বাস্থ্য পরিদর্শক শাহেদা পারভীনসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় ডা. মো. শাহিনুল ইসলাম জানান, আগামী ২৮ জুন থেকে সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। এ কর্মসূচির আওতায় সালথা উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত বিভিন্ন সমস্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই উপজেলার সকল অভিভাবকদের নির্ধারিত তারিখে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি।
সভায় ক্যাম্পেইন বাস্তবায়নে স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব, সচেতনতা বৃদ্ধি, কেন্দ্র পরিচালনা এবং শিশুদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে দেশের লাখো শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে, যা শিশুস্বাস্থ্য উন্নয়ন ও অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।














