উখিয়া হাসপাতালের জরুরি, বহিঃবিভাগ ও অন্তঃবিভাগ পরিদর্শন; স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্যসেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ
- আপডেট সময় : ০৮:৫৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

উখিয়া, কক্সবাজার | ২৫ জুন ২০২৬ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী বৃহস্পতিবার (২৫ জুন) উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, রোগী ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।

দুপুর ১২টায় উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদারের নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা স্বাস্থ্য সচিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্তরিকভাবে বরণ করেন।
স্বাস্থ্য সচিবের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব ড. সৈয়দা নওশীন পর্ণিনী, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি, কক্সবাজার জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. টিটু চন্দ্র শীল, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. নুরুল হাসান এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তারা।
পরিদর্শনের সময় সচিব হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগ, অন্তঃবিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। তিনি চিকিৎসাসেবার গুণগত মান, রোগীদের সেবা প্রাপ্তি এবং হাসপাতালের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। হাসপাতালের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, যথাযথ পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল উপজেলা হাসপাতালে রূপান্তর করা সম্ভব।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান কার্যক্রম, রোগীসেবা, অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সচিবকে অবহিত করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, স্বাস্থ্য সচিবের এ সফর উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জনবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যখাতের উন্নয়নে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি করবে।














