চৌমুহনীর তিনটি আবাসিক হোটেলে যৌথ অভিযান, আপত্তিকর অবস্থায় আটক ১৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
নোয়াখালীর চৌমুহনীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৪ তরুণ-তরুণী গ্রেফতার
- আপডেট সময় : ০৯:০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার তিনটি আবাসিক হোটেলে যৌথ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১৪ জন তরুণ-তরুণীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (২৫ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত চৌমুহনী বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও চৌমুহনী পুলিশ ফাঁড়ির সদস্যরা অংশ নেন। অভিযানে রাজ হোটেল, ঢাকা হোটেল ও সেভেন স্টার হোটেলে তল্লাশি চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হোটেলগুলোর বিভিন্ন কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় ৭ জন নারী ও ৭ জন পুরুষকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বেগমগঞ্জ উপজেলার শাহাদাত হোসেন সাকিব (২৪), রিয়াজ হোসেন (২৪), রহমত উল্যাহ রিয়াদ (৩৬), নোয়াখালী সদর উপজেলার রিপন (২৩), সোনাইমুড়ী উপজেলার আকরাম (৩৪), সেনবাগ উপজেলার আকরাম হোসেন (২৯), কবিরহাট উপজেলার ইয়াছিন (৩০), নুসরাত জাহান (১৯), শারমিন আক্তার (২৫), ঢাকা জেলার তাসমিন আক্তার (২১), নরসিংদী জেলার শাহনাজ বেগম (৩৬), খাগড়াছড়ি জেলার হাফেজা বেগম (২৩), লক্ষ্মীপুর জেলার বিউটি আক্তার (২৫) এবং ফেনী জেলার ময়না (২৫)।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আবাসিক হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে চলা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট হোটেলগুলোতে দিন-রাত বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে কেউ প্রতিবাদ করলে অনেক সময় হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে হুমকি-ধমকিরও মুখোমুখি হতে হয়েছে বলে দাবি করেন তারা।
স্থানীয়রা পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।














