নীলগঞ্জ ব্রিজ এলাকায় বিশেষ অভিযানে মাদক, মোবাইল ও মোটরসাইকেল জব্দ
যশোরে বিজিবির অভিযানে প্রায় ১৬ লাখ টাকার ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার, আটক ১
- আপডেট সময় : ০৯:৩০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

যশোরে সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ইয়াবা ও ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৫ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেল তল্লাশি করে ৩ হাজার ৯১০ পিস ইয়াবা, ২ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং নগদ ১ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪৪ হাজার ৪২০ টাকা।
আটক ব্যক্তি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।














