সাংবাদিক, পাঠক ও সুধীজনের অংশগ্রহণে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাণীশংকৈলে জমকালো আয়োজনে দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০৮:৪৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও, রাণীশংকৈল | ২৫ জুন ২০২৬ : বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার গৌরবময় ৯ বছর পূর্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে পৌর শহরের ঐতিহ্যবাহী রাণীশংকৈল ট্যুরস এন্ড ট্রাভেলস কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ বুলেটিনের রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাসউদ আলম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির ইউনিয়ন সম্পাদক আব্দুল খালেক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী, বিএনপি নেতা সৈয়দ আব্দুল কাইয়ুম, সাংবাদিক আনোয়ার হোসেন জীবন, সহ-সুপার আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী আব্দুর রশিদ, আনোয়ার হোসেন এবং শিক্ষার্থী তুহিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, পাঠক, শুভানুধ্যায়ী ও সুধীজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম দেশের উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা দৈনিক বাংলাদেশ বুলেটিনের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন।
সভাপতির বক্তব্যে জিয়াউর রহমান বলেন, “দৈনিক বাংলাদেশ বুলেটিন গত ৯ বছর ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা, উন্নয়নের চিত্র, অনিয়ম-দুর্নীতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরে আসছে। ভবিষ্যতেও রাণীশংকৈলসহ দেশের বিভিন্ন এলাকার সমস্যা ও সম্ভাবনার চিত্র পাঠকের সামনে তুলে ধরতে আমরা অঙ্গীকারবদ্ধ।”
অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সভাপতি জিয়াউর রহমান। পরে পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি, সাংবাদিক ও কলাকুশলীদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দৈনিক বাংলাদেশ বুলেটিনের ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান স্থানীয় সাংবাদিক সমাজ, পাঠক ও শুভানুধ্যায়ীদের মিলনমেলায় পরিণত হয়।














