সিংগাইরে নারী উন্নয়ন কমিটির উদ্যোগে বিক্ষোভ; দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
মানিকগঞ্জে স্কুলছাত্রী মাহিয়া হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
- আপডেট সময় : ০৬:৪০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

“দ্রুত বিচার নিশ্চিত কর, নারীবান্ধব সমাজ গড়ো”— এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্কুলছাত্রী মাহিয়া হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টায় সিংগাইর উপজেলার বায়রা কলেজ রোড এলাকায় উপজেলা নারী উন্নয়ন কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নারী উন্নয়ন কমিটির সভাপতি পারভীন আক্তারের সভাপতিত্বে এবং উন্নয়নকর্মী মো. নজরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্কুলছাত্রী মাহিয়ার নির্মম হত্যাকাণ্ড পুরো সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশু ও কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সেলিনা আক্তার, জমিদার বাজার কমিটির সভাপতি রজ্জব আলী, বারসিক কর্মী রিনা আক্তার, আছিয়া আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে মাহিয়া হত্যাকাণ্ডের দ্রুত বিচার, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের সামাজিক আন্দোলন শিশুদের নিরাপত্তা ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।














