মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড, উদ্ধারকৃত গাঁজার ঘটনায় আইনগত ব্যবস্থা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:১২:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

কুমিল্লা, ২১ জুন ২০২৬: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। একই সঙ্গে পৃথক অভিযানে একটি সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. মাহতাব হোসেনের নেতৃত্বে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকার রজ্জব আলী সর্দার বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পলাতক আসামি মো. সেলিমের বসতঘরের সামনে থেকে প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে আসামি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে, রোববার (২১ জুন) মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. মাহতাব হোসেন ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় মাদক সেবনের দায়ে মো. কাউছার (৪১) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। তিনি উপজেলার মকিমপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
একই দিনে ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি রুহুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বালিনা গ্রামের নূরুজ্জামানের ছেলে।
এছাড়া দক্ষিণ তেতাভূমি এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মাদক সেবনের অভিযোগে রুবেল (৩৫) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, উদ্ধারকৃত গাঁজার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কঠোর অবস্থানের প্রশংসা করেছে।














