মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও পলাতক আসামিসহ ৫ জন গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৬৪০ পিস ইয়াবাসহ আটক ৫, মাদকবিরোধী অভিযানে চাঞ্চল্য
- আপডেট সময় : ০৮:৪৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

কুমিল্লা | ২০ জুন ২০২৬ : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, একজন চুরি মামলার পলাতক আসামি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজন মাদকসেবীসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২০ জুন) ভোরে উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম (৪৪)-এর বসতঘরের শয়নকক্ষ থেকে ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৪টা ৪০ মিনিটে উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ রফিকুল ইসলামকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
একই দিনে পৃথক অভিযানে চুরি মামলার পলাতক আসামি মো. ইনজামুল হক ওরফে ইনজামুল হাসান (২১)-কে গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রানীয়া এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
এছাড়াও মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের মধ্যে জুয়েল মিয়া (২৯) ও সিরাজুল ইসলাম (৫৫)-কে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা, এবং মাইন উদ্দিন (৩৩)-কে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।














