সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীরামের চিত্রপটে জুতা নিক্ষেপের অভিযোগ; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান
রাউজানে ভগবান শ্রীরামের চিত্রপট অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ, দোষীদের শাস্তির দাবি
- আপডেট সময় : ১০:১৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে

রাউজান, চট্টগ্রাম | ১৯ জুন ২০২৬ : সামাজিক যোগাযোগ মাধ্যমে ভগবান শ্রীরামচন্দ্রের চিত্রপটে জুতা নিক্ষেপ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং অপপ্রচার চালানোর অভিযোগের প্রতিবাদে চট্টগ্রামের রাউজানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে রাউজান আধুনিক কমিউনিটি সেন্টারের সামনে বটতল ও মুরিরঘাটা এলাকায় রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন আদ্যাপীঠ মন্দিরের প্রধান পৌরোহিত শ্রী তপন চক্রবর্তী। আশীর্বাদক হিসেবে বক্তব্য দেন শ্রীকৃষ্ণ দাস বাবাজী।
এ সময় বক্তব্য রাখেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসু, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক পৌরসভা সভাপতি জাফর চৌধুরী, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজের আহ্বায়ক ডা. লিটন শর্মা এবং রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি শ্রীমান দাশ (শুভ)।
সমাবেশে বক্তারা ভগবান শ্রীরামের চিত্রপট অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক শান্তি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর, বিদ্বেষমূলক ও উসকানিমূলক প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ পরিবেশন করেন অর্পণ মহাজন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিটু দে, সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, সাবেক ইউপি সদস্য অলক দাশ গুপ্ত, শিক্ষক অরুণ বিজয় দাশ গুপ্ত, শিক্ষক শিবু দাশ গুপ্ত, প্রকৌশলী শ্যামল দাশ গুপ্ত, শিক্ষক বিজয় বিশ্বাস, প্রিন্স চৌধুরী শুভ, শিক্ষক সমীর চন্দ্র দে, পুষ্পক শীলসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও রাউজান শ্রীশ্রী রাসবিহারী ধাম, সূর্য সংগ্রাম সংসদ, বুড়াঠাকুর সেবাশ্রম, শ্রীশ্রী কালী বিগ্রহ মন্দির (ফকিরহাট), পারিজাত সংসদ, অগ্রণী ক্লাব, জাগো হিন্দু পরিষদ রাউজান শাখা, সনাতন বিদ্যার্থী সংসদ রাউজান শাখা, শারদাঞ্জলী সংসদ রাউজান শাখা, বাগীশিক রাউজান সংসদ এবং শ্রীশ্রী রামকৃষ্ণ মিশন রাউজানের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশ শেষে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।














