আইন-শৃঙ্খলা উন্নয়ন, মাদকবিরোধী অভিযান ও জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন ওসি মো. রবিউল হক
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক
- আপডেট সময় : ০৮:০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম | ১৭ জুন ২০২৬ : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং জনবান্ধব পুলিশি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে মে-২০২৬ মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই ওসি মো. রবিউল হকের নেতৃত্বে বাঁশখালী থানায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
থানার পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে বাঁশখালী থানায় মোট ৪৯টি মামলা রুজু ও সমসংখ্যক ৪৯টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া ১২৫টি অভিযোগ নিষ্পত্তি, ৬০ জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, ১৭৬টি ওয়ারেন্ট বাস্তবায়ন এবং নিয়মিত মামলায় ৭৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে বিশেষ সাফল্যের অংশ হিসেবে ২ হাজার ৫৮ পিস ইয়াবা ও ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সংক্রান্ত ৬টি মাদক মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ২৫টি দণ্ড কার্যকর করা হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিয়ন্ত্রণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাঁশখালী থানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া নিয়মিত টহল, বিট পুলিশিং কার্যক্রম, জনসচেতনতামূলক সভা এবং চিরুনি অভিযানের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।
প্রতিক্রিয়ায় ওসি মো. রবিউল হক বলেন, “চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পাওয়া আমার জন্য গর্বের ও অনুপ্রেরণার। জনগণের আস্থা অর্জন করে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা প্রদান অব্যাহত রাখাই আমার মূল লক্ষ্য। এই অর্জন আমার সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং স্থানীয় জনগণের সহযোগিতার ফল।”
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মো. আরিফ হোসেন বলেন, “থানার এই অর্জন সকল পুলিশ সদস্যের পেশাদারিত্ব, আন্তরিকতা এবং জনসেবার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। ভবিষ্যতেও আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে একই ধারাবাহিকতায় কাজ করে যাব।”
উল্লেখ্য, ২০২৬ সালের ২ মে মো. রবিউল হক বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে সাফল্য অর্জনের মাধ্যমে তিনি চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি লাভ করেন।














