ফুকরা গ্রামকে মাদকমুক্ত ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার অঙ্গীকার; স্থানীয় উন্নয়নে জনগণের সমর্থন চাইলেন তরুণ সমাজসেবক।
সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী ছাব্বির হোসেন মাতুব্বর, মাদকমুক্ত আদর্শ গ্রাম গড়ার প্রত্যয়
- আপডেট সময় : ০৪:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

ফরিদপুর | ১৫ জুন ২০২৬ : ফরিদপুর জেলার ৫ নম্বর সোনাপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক মোঃ ছাব্বির হোসেন মাতুব্বর। ফুকরা গ্রামের এই কৃতি সন্তান ইতোমধ্যে যুবসমাজের আইকন, ক্রীড়াবান্ধব ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষের বন্ধু হিসেবে এলাকায় সুনাম অর্জন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন তিনি। এলাকার উন্নয়ন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার ভূমিকা ইতোমধ্যে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।
সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোঃ ছাব্বির হোসেন মাতুব্বর বলেন, “আমি যদি আপনাদের সমর্থন ও ভালোবাসা পাই এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাই, তাহলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। নির্বাচিত হলে আমার প্রথম লক্ষ্য হবে মাদক নির্মূল এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।”
তিনি আরও বলেন, “আমি ফুকরা গ্রামকে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া প্রয়োজন। আমি নিজের স্বার্থের জন্য নয়, বরং এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
সম্ভাব্য এই মেম্বার প্রার্থী জানান, অতীতে জনপ্রতিনিধিরা এলাকার জন্য কতটুকু কাজ করেছেন, সেই মূল্যায়ন জনগণই করবেন। তবে তিনি সুযোগ পেলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে অঙ্গীকার করেন।
তিনি বলেন, “আমি আপনাদের সন্তান, নাতি কিংবা ভাতিজার বয়সী। সেই দৃষ্টিকোণ থেকে আমাকে মূল্যায়ন করবেন। আমি কথা দিচ্ছি, জনগণের সহযোগিতা পেলে একটি আদর্শ ও উন্নত গ্রাম গঠনে সর্বোচ্চ চেষ্টা করবো।”
এদিকে স্থানীয়দের অনেকেই মনে করছেন, তরুণ নেতৃত্ব ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা নিয়ে ছাব্বির হোসেন মাতুব্বর ভবিষ্যতে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।














