BSTI লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও প্রশাসনিক অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনার অভিযোগে অভিযান
নরসিংদীতে মোবাইল কোর্ট অভিযান: অনুমোদনহীন ফায়ার এক্সটেনগুইশার রিফিল কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ১০:৩৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

নরসিংদী | ১৫ জুন ২০২৬ : নরসিংদীর মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকায় অবস্থিত ‘গোমতী ফায়ার টেকনোলজি’ নামক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে জেলা প্রশাসন।
সোমবার (১৫ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)-এর লাইসেন্স, ফায়ার সার্ভিসের অনুমোদন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ফায়ার এক্সটেনগুইশার রিফিল কার্যক্রম পরিচালনা করছিল।
অভিযানকালে আরও দেখা যায়, রিফিলকৃত ফায়ার এক্সটেনগুইশারগুলোতে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হয়নি। এছাড়া অত্যন্ত অনিরাপদ পরিবেশে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছিল, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়।
BSTI-এর সহকারী পরিচালক নিখিল রায়ের প্রসিকিউশনের ভিত্তিতে BSTI আইন, ২০১৮ এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানার মালিককে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
অভিযানে র্যাব, মাধবদী থানা পুলিশ এবং BSTI-এর উপ-পরিচালক (ডিডি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ শিল্প-প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।














