শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করলেন নবনির্বাচিত সভাপতি আশরাফুল হক দাদন
কটিয়াদীতে তাহেরা নূর হাই স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত সভাপতি আশরাফুল হক দাদনকে বর্ণাঢ্য সংবর্ধনা
- আপডেট সময় : ০৪:৪৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

কটিয়াদী, কিশোরগঞ্জ | ১৫ জুন ২০২৬ :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালিয়া তাহেরা নূর হাই স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আশরাফুল হক দাদনকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল ১০টায় প্রতিষ্ঠানটির হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ আরও উন্নত করার প্রত্যয় নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সহকারী শিক্ষক আবু ছিদ্দিকের সঞ্চালনায় এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি মোঃ আশরাফুল হক দাদন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একটি মেধাবী ও সুনাগরিক প্রজন্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। বোয়ালিয়া তাহেরা নূর হাই স্কুল এন্ড কলেজকে এ অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করে যাব।”
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গভর্নিং বডির সদস্য ও কটিয়াদী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সিরাজী। তিনি প্রতিষ্ঠানের অতীত ঐতিহ্য, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
এছাড়াও বক্তব্য রাখেন মোঃ সেলিম হায়দার, কবির আহমদ, আবুল কালাম আজাদ, মোঃ রইছ উদ্দিন, মোঃ মুস্তাফিজুর রহমান এবং মোঃ মেজবাহ উদ্দিন। বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত এডহক কমিটির সদস্য মোঃ খোকন মিয়া, শিক্ষক প্রতিনিধি মোছাঃ শাহনাজ বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষাংশে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এডহক কমিটির দক্ষ ও গতিশীল নেতৃত্বে বোয়ালিয়া তাহেরা নূর হাই স্কুল এন্ড কলেজ আগামী দিনে শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা ও সহশিক্ষা কার্যক্রমে আরও সফলতা অর্জন করবে।
এর আগে পবিত্র কুরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কুরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ সামসুল আলম।














