আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিয়ে মতবিনিময়; সম্মাননা স্মারক প্রদান
কক্সবাজারে প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাব পরিদর্শনে অতিরিক্ত আইজিপি (অব.) ড. আশরাফুর রহমান, সাংবাদিকতার উন্নয়নে গুরুত্বারোপ
- আপডেট সময় : ০৩:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

কক্সবাজার | ১৪ জুন ২০২৬ : বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও নিরাপত্তা বিশ্লেষক ড. মোঃ আশরাফুর রহমান কক্সবাজারে দৈনিক প্রতিদিনের কাগজ ও কক্সবাজার মডেল প্রেস ক্লাবের কার্যালয় পরিদর্শন করেছেন।
রোববার (১৪ জুন) বিকেলে কক্সবাজার শহরের কৃষি অফিস রোডস্থ আপন টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত দৈনিক প্রতিদিনের কাগজের আঞ্চলিক কার্যালয় এবং কক্সবাজার মডেল প্রেস ক্লাব পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ড. আশরাফুর রহমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, পুলিশ প্রশাসনের জবাবদিহিতা, দায়িত্বশীলতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি এবং সমাজ উন্নয়নে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেশাগত দক্ষতা ও সততার মাধ্যমে সাংবাদিকরা জনসচেতনতা বৃদ্ধি, দুর্নীতি প্রতিরোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কার্যকর অবদান রাখতে পারেন।
আলোচনা শেষে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক প্রতিদিনের কাগজ এবং কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে ড. আশরাফুর রহমানকে পৃথকভাবে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
দৈনিক প্রতিদিনের কাগজের পক্ষ থেকে মনছুর আলম মুন্না ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অন্যদিকে কক্সবাজার মডেল প্রেস ক্লাবের নেতৃবৃন্দও ফুল ও সম্মাননা ক্রেস্টের মাধ্যমে তাঁকে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার মডেল প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ মাহমুদ ইমন, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজের কক্সবাজার স্টাফ রিপোর্টার মনছুর আলম মুন্না, সাংবাদিক ও শিক্ষক সিরাজুল ইসলাম আযাদ, সহ-সভাপতি সাংবাদিক আবদুল আমিন (আমিন), সাংবাদিক নুরুল ইসলাম সুমন, নুর রাব্বি, আরফাত সিকদার, আবদুর রহমান হাশেমি, জামসেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ।














