বাড়ির পেছনের পুকুরে খেলতে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকের মৃত ঘোষণা
রাজাপুরে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া
- আপডেট সময় : ০৯:৫০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়কৈবর্তখালী গ্রামে পুকুরের পানিতে ডুবে তাসরিফ ফরাজি (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বড়কৈবর্তখালী এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত তাসরিফ ফরাজি ওই গ্রামের হেলাল ফরাজির ছোট ছেলে। পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনের পুকুরপাড়ে খেলতে যায় শিশুটি। একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায় সে।
দীর্ঘ সময় শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুর থেকে তাসরিফকে উদ্ধার করে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, গ্রামাঞ্চলে শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। সচেতনতার অভাব ও শিশুদের প্রতি পর্যাপ্ত নজরদারি না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।














