নলদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ, গ্রেফতারের দাবি
- আপডেট সময় : ০৮:৪৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা আবুল কালাম আজাদ পাখি মোল্লার ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নলদী ইউনিয়ন শাখা।
শুক্রবার (১২ জুন) বিকেল ৫টা ১৫ মিনিটে নলদী ইউনিয়নের মিঠাপুর বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে দলীয় নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ৫ জুন নলদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি মোল্লার ওপর হামলার ঘটনা ঘটে। হামলার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জনপ্রতিনিধির ওপর এ ধরনের হামলা স্থানীয় সরকার ব্যবস্থা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নলদী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল বাশার, জেলা কর্মপরিষদ সদস্য আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নড়াইল জেলা শাখার সহ-সভাপতি মতিউর রহমান, উপজেলা সভাপতি আমজাদ হোসেন মল্লিক, লোহাগড়া উত্তর শিবিরের সভাপতি সাজ্জাদ হোসেন, নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি মোল্লা এবং উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি মাওলানা আশরাফ হোসেন।
সমাবেশ ও মিছিলে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।














