রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযানে পীরগঞ্জ এলাকা থেকে উদ্ধার, অভিযুক্ত যুবক আটক
ঠাকুরগাঁওয়ে অপহরণের অভিযোগের ২ ঘণ্টার মধ্যে এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, গ্রেফতার ১
- আপডেট সময় : ০৫:৫৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অপহরণের অভিযোগ পাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১০ জুন) দিবাগত রাতে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পকম্বা এলাকা থেকে ওই পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়ার পরপরই রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে অংশ নেন থানার উপ-পরিদর্শক (এসআই) রহমাতুল্লাহ রনি, এসআই রতন, এএসআই মাহবুব মোরশেদ, এএসআই সজীবসহ পুলিশের একটি চৌকষ টিম। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পীরগঞ্জ এলাকা থেকে ওই এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করা হয়।
এ সময় পীরগঞ্জ উপজেলার সিন্দাগড় গ্রামের মৃত বীরেন চন্দ্র রায়ের ছেলে শচীন চন্দ্র রায় (১৯)-কে গ্রেফতার করে পুলিশ।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হয়। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানান, পুলিশের এমন দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বেড়েছে।














