স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের আহ্বান
মোল্লাহাটে গ্রাম আদালত শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত, জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর
- আপডেট সময় : ০৬:২১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

বাগেরহাট | ১১ জুন ২০২৬: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী করা, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল— “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন”।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমনা আইরিন। তিনি বলেন, গ্রামীণ পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত একটি কার্যকর ও জনবান্ধব বিচারব্যবস্থা। জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও বেসরকারি সংগঠনসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে সামাজিক সম্প্রীতি ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় স্থানীয় সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।
বক্তারা বলেন, আদালতমুখী জটিলতা ও ব্যয়বহুল প্রক্রিয়ার পরিবর্তে গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ও সহজে বিরোধ নিষ্পত্তি সম্ভব। তাই “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”— এই বার্তাটি জনগণের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সাদিয়া সুলতানা।
গ্রাম আদালত সক্রিয়করণ–৩য় পর্যায় প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালাটি স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়িত হচ্ছে। কর্মশালাটি সঞ্চালনা করেন গ্রাম আদালতের মোল্লাহাট উপজেলা সমন্বয়কারী মিতা দে।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রাম আদালতের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি করবে এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।














